কেশবপুরে শহীদ মিনার নেই ২৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুর উপজেলার ২৯৪ শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৫ টিতে ভাষা শহীদদের স্মরণে নেই কোনো শহীদ মিনার। প্রতিবার ভাষার মাস এলেই এ নিয়ে কথা হয়, আলাপ আলোচনা হয় কিন্তু কার্যকরি কোনো পদক্ষেপের অভাবে আর বাস্তবায়ন হয় না। ১৯৫২ সালেল ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হতো। পরে তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়। সরকারিভাবে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি পালনের নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি পালনেও অভ্যস্ত। এত কিছুর পরও উপজেলার ২শত ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে নির্মিত হয়নি কোনো শহীদ মিনার। মাত্র ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। এর মধ্যে আবার অনেক শহীদ মিনার জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে ১শ ৫৮টির মধ্যে সরকারি প্রাইমারি স্কুলের মাত্র ১৪টিতে শহীদ মিনার রয়েছে। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্কুল আছে ৭২টি। এর মধ্যে শহীদ মিনার আছে ৩৮ টিতে, ৫২টি মাদ্রাসার কোনোটিতে শহীদ মিনার নেই, ১২টি কলেজের মধ্যে ৭টিতে শহীদ মিনার আছে। সব মিলিয়ে ২৯৪ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৯টিতে শহীদ মিনার অছে। এই ব্যাপারে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণ করতে বলা হয়েছে।