আখতারুজ্জামানকে নেতা মানতে নারাজ’ জামায়াত

0
গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতের নেতা মানতে অস্বীকৃতি জানিয়েছেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাঁকে দলের প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে উল্লেখ করেন।। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানকে দলের ‘নেতা’ মানতে ‘নারাজ’ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি (আখতারুজ্জামান) জামায়াতে ইসলামীর নেতা নন, সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।

"তিনি (আখতারুজ্জামান) জামায়াতে ইসলামীর নেতা নন,
সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর
জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং
প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।" 
— 
এটিএম আজহারুল ইসলাম
নায়েবে আমির ও সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল আরও বলেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না।

আরও পড়ুন:
শাহজালাল বিমানবন্দরের ঘটনায় আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

 

এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হবে। কারণ দেশের জনগণ জুলুম-অত্যাচার আর সহ্য করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ। বিএনপি আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা ও মহানগর জামায়াতের নেতাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।