যশোরে মাদক সেবনের আসরে পুলিশের হানা: গুলি ও টাকাসহ আটক ৩

0
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের গুলি, উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ টাকাসহ ৩ জনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: যশোরে অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল তালুকদারসহ ৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) এবং সহিদ খাঁ’র ছেলে ঝন্টু খাঁ (২৮)।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং তিনিসহ পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি মাদক সেবনের ঘর থেকে উল্লিখিত ৩ জনকে আটক করা হয়। তারা সেখানে মাদক সেবনের আসর বসিয়েছিলেন।

ঘটনাস্থল থেকে ১ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং আটক শহিদুল তালুকদারের হেফাজত থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।