মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আহত ৬, দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

0
মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে নিহত ৩, আহত ৬
প্রতীকী ছবি এআই প্রযুক্তি সহায়তায় তৈরি- লোকসমাজ

স্টাফ রিপোর্টার,বাগেরহাট, লোকসমাজ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেল ও একটি ডাববাহী নসিমনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, সড়ক দুর্ঘটনায় আহত নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও একটি ডাববাহী নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।