কেশবপুরের দোরমুটিয়ায় সোলিং রাস্তার ইট তুলে দখলে নেওয়ার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলা সদরে দোরমুটিয়া কলুপাড়ায় শত বছরের পুরনো একটি সোলিং রাস্তার ইট তুলে দখলে নিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অর্ধশতাধিক পরিবার। তারা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের পাইনপাড়াস্থ কেশবপুর -ত্রিমোহীনি সড়কের মেইন রোড থেকে কাউখোলার বিল অভিমুখে একটি শত বছরের পুরনো রাস্তা রয়েছে। ১০/১২ বছর আগে সরকারিভাবে ইটের সোলিং রাস্তা করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। সেই থেকে রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে।

এলাকার কৃষকদের ফসল আনা নেওয়া, রোগী পরিবহন, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তা।

গত ১৪ জুন সকালে দোরমুটিয়া গ্রামের সোনাই মোড়লের ছেলে খালেক মোড়ল,আব্দুল আহাদের ছেলে মাসুদুর রহমান বাচ্চু, আবুল বাশার, মো. অহিদুল, মো. হাফিজুর, মো. নজরুল, মো. মফিজুর, মো. এরশাদ, মো.মারুফ ও মো. মজনু জোর করে রাস্তাটি দখলে নিয়েছে। সোলিং রাস্তা থেকে তারা ইট তুলে মানুষের চলাচলের পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।