কেশবপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা

0

কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোরের কেশবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা ও কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলী কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তিনি উপজেলার মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।