কালীগঞ্জে জমি লিখে দেওয়ার দাবিতে মারধরের অভিযোগ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে ১০ বছর আগে সুদে ৭০ হাজার নিয়ে ৫ লাখ টাকা দিয়েও ঋণ পরিশোধ হয়নি। এখনও ২৫ কাঠা জমি তাদের দখলে রেখেছে। সেই জমি এখন লিখে দেওয়ার জন্য মারধর করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। অবশ্য অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে তাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র বলে দাবি করেছে।
থানায় লিখিত অভিযোগে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের সুফলের স্ত্রী ভক্তি বিশ্বাস জানান, একই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ইভন ও আদিল উদ্দীন মন্ডলের ছেলে জাহিদ এলাকায় সুদখোর নামে পরিচিত। প্রায় ১০ বছর আগে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত ৫ লাখ টাকা পরিশোধ করেছেন। টাকার অজুহাতে তাদের কাছ থেকে ২৫ কাঠা জমি ভোগ দখল করে আসছেন । বর্তমানে ওই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় ভাবে আলোচনা করায় বিবাদীরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৫ জানুয়ারি সন্ধ্যায় খামারমুন্দিয়া গ্রামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর সুফলকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার জানান, সুফল নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত ইভন জানান, আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি তাকে মারধরও করিনি। সম্ভবত আমার বাবার কাছ থেকে ২০১৮ সালে ৯ লাখ টাকা নিয়ে জমি দেওয়ার কথা ছিল। যার স্ট্যাম্প আমাদের কাছে রক্ষিত আছে। এখন সেই টাকা ফেরত না দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে অনেকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু তারা উপস্থিত না হয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। এখন তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।