কলারোয়ায় চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আসামি হলেন আফছার আলী লেদু (৫২)। তিনি দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে। এর আগে ওই ঘটনায় গত ১০ আগস্ট রাতে কলারোয়া থানায় নির্যাতিত গৃহবধূ রাশিদা খাতুন ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির। উল্লেখ্য, গত ৮ আগস্ট পাকুড়িয়া গ্রামের আফছার আলী লেদুসহ তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী রাশিদা খাতুনকে দুটি ইট চুরির অপবাদ দেন। এরপর তারা গাছে বেঁধে গৃহবধূ রাশিদার ওপর নির্যাতন চালান এবং মাথার চুল কেটে দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।