কর্মকর্তাকে ঘুষ দিলে মেলে সেচ পাম্পের লাইসেন্স, নতুবা করা হয় হয়রানি

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বিএডিসির সরকারী প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নারায়নপুর গ্রামের কৃষক সন্টু বিশ্বাস। ওই কর্মকর্তার দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় হয়নি তার সেচ পাম্পের লাইসেন্স। অথচ সরকারি নিয়মকে অমান্য করে মোটা অংকের টাকার বিনিময়ে একই মাঠে অন্যকে দেয়া হয়েছে লাইসেন্স। শুক্রবার সকালে প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কৃষি ও সেচ প্রকল্পের অধীনে ২০২১ সালের ১০ আগস্ট সরকারি বিধি মেনে আমি একটি অগভীর নলকূপ পাওয়ার জন্যে চৌগাছা উপজেলা বিএডিসি অফিস বরাবর একটি আবেদন করি। নলকূপ স্থাপনের প্রস্তাবিত স্থান খতিয়ান নং ৮৬৬, মৌজা নারায়নপুর জে এল নং ০৫, দাগ নং ৩১৩ উল্লেখ করে নির্ধারিত তিনশ টাকার মাধ্যমে এই আবেদন করা হয়। আবেদনের পর যশোর জেলার সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী জাকির হোসেন ওই নলকূপ স্থাপনের জমির অবস্থানের সীমানা বা দূরত্ব জরিপ করে আসেন। কৃষি সেচ প্রকল্পে নিয়মনুযায়ী একটি নলকূপ থেকে আর একটি নলকূপের দূরত্ব ৮২০ ফুট, সেখানে আমার রয়েছে ৮৩৫ ফুট। সরকারি নিয়মের সব কিছু ঠিক থাকলেও লাইসেন্স প্রদানে জাকির হোসেন টালবাহানা শুরু করেন। কিছু দিন পরে তিনি লাইসেন্স প্রদানে মোটা অংকের টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে পরে লাইসেন্স হবে বলে জানান। এ ঘটনার চার মাস পরে একই স্থানে অপর একটি অগভীর নলকূপ পাওয়ার জন্য এলাকার ঠান্ডু বিশ্বাস নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট অফিসে আবেদন করেন। তার আবেদনে দূরত্বসহ নানা অসংগতি থাকলেও তাকেই দেয়া হয় লাইসেন্স।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বিএডিসির প্রকৌশলী জাকির হোসেন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তিনি উপজেলার প্রতিটি এলাকায় যেসব কৃষক সেচ পাম্পের আবেদন করেছেন তাদের হয়রানি করেছেন। তার ঘুষের টাকা যিনি জোগাড় করতে পেরেছে তিনি লাইসেন্স পেয়েছেন। আর যিনি করতে পারেন নি তিনি চেষ্টা করেও পাননি লাইসেন্স। ওই দুর্নীতিবাজ কর্মকর্তা আমাকে দেড় বছর ধরে হয়রানি করেছেন। তার কাছে আমি ও এলাকার কৃষকরা গেলে সামনের মিটিংয়ে আপনাদের লাইসেন্স দেয়া হবে বলে ঘোরাতে থাকেন। সামনের মিটিং আসে কিন্তু কাজ হয়না। এভাবে মিটিংয়ের নাম করে তিনি বারবার ঘুরাতে থাকেন। সর্বশেষ তিনি আমাদের বলেন, চলতি মার্চ মাসে প্রথম সপ্তাহে মিটিং আছে। ওই মিটিংয়ে আপনাদের লাইসেন্স দেয়া হবে। কিন্তু প্রথম সপ্তাহ অতিবাহিত হলেও আজো লাইসেন্স দেয়া হয়নি। আমরা জেনেছি তার দাবিকৃত ঘুষের টাকা দিতে না পারায় আমার লাইসেন্স দেয়া হয়নি।
এ বিষয়ে জানতে বিএডিসির সরকারী প্রকৌশলী জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল নাম্বারে বারবার ফোন করা হলেও তিনি রিসির্ভ করেন নি।
সংবাদ সম্মেলনে এ সময় এলাকার কৃষক আব্দুল আলিম, জামাল উদ্দীন, মিজানুর রহমান, টিপু সুলতান, আশারফ হোসেন আশা প্রমূখ উপস্থিত ছিলেন ।