একটানা বৃষ্টির কারণে রাজগঞ্জ এলাকার মানুষের চরম দুর্ভোগ

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ গত ছয়দিন বিরতিহীন বৃষ্টির কারণে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গ্রামের অলিগলি ও উঠানে কাদাপানিতে একাকার। ঘর থেকে বের হতে পারছেন না কেউ। কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে শুয়ে বসে সময় কাটাচ্ছেন। জানা গেছে, কৃষকরা তেখামারে কাজ করতে পারছেন না। কৃষিজীবী শ্রমিকদের বৃষ্টির জন্য কেউ কাজে নিচ্ছেন না বলে হানুয়ার গ্রামের লাভলু, করিব, সালাম, রুহুল আমিন, রায়হান, রাসেলসহ অনেক শ্রমিক জানান। ভ্যান চালকরা বৃষ্টিতে ভিজে রাস্তায় যেতে পারছেন না। যাত্রীরাও বৃষ্টিতে ভিজে ভ্যানে উঠতে চান না বলে ভ্যানচালক মুন্তাজ, কামাল, আলিমসহ অনেকে জানিয়েছেন। আর এ কারণে তারা দিনে একবেলা খেয়ে আর এক বেলা না খেয়ে বাড়িতে শুয়ে বসে দিন কাটাচ্ছেন। এদিকে বৃষ্টির কারণে এলাকার ছোট-বড় হাটবাজারেও ক্রেতা-বিক্রেতার তেমন দেখা মিলছে না। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না। বাজারে লোকজন না আসায় বেচাকেনা কম হওয়ায় ব্যবসায়ীরা হাত-পা গুটিয়ে বসে থাকছেন। এ ব্যাপারে কথা হয় রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম, ইমরান, নন্দ দত্তসহ অনেকের সাথে। তারা জানান, সারাদিন একটানা বৃষ্টির কারণে বাজারে লোক সমাগম কম। বেচাকেনাও সীমিত। বিরতিহীন বৃষ্টির কারণে গৃহপালিত পশু নিয়ে মানুষ পড়েছে বিপাকে। ঠিকমত খেতে দেয়া ও পরিচর্যা করতে পারছেন না বলে মনোহরপুর গ্রামের গরুর খামারি ইউনুচ ও আশিকুর জানান।