আগুনে পুড়ে স্বপ্ন শেষ, দুর্গাপূজোয় বাড়িতে আসা হলো না মেরিন ইঞ্জিনিয়ার সৌরভের

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।। সামনের দুর্গাপূজার ছুটিতে বাড়ি আসতে চেয়েছিলেন। মোবাইল ফোনে বাবা-মাকে এমনটিই বলেছিলেন ‘তোমাদের সঙ্গে দেখা হবে পূজার ছুটিতে।’ কিন্তু না, সবই ওলট-পালট করে দিল আগুন। ছুটি নেয়ার আগেই চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে লাগা আগুনে প্রাণ হারালেন ডেক ক্যাডেট ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কবিরপুর গ্রামের মানিক সাহার ছেলে সৌরভ কুমার সাহা। সৌরভের মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

সৌরভ নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা মানিক সাহা ছোট্ট একটা মুদি দোকান পরিচালনা করেন। দুই ছেলের মধ্যে সৌরভ বড়। বাবা মানিক সাহা জানান, সৌরভ বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে গত আগস্টে বাংলাদেশ শিপিং করপোরেশনে যোগ দিয়েছিলেন। তার চাকরির বয়স মাত্র দুই মাস। সব সামর্থ্য দিয়ে ছেলেকে লেখাপড়া করিয়েছিলেন তিনি।

সেই স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে গেছে। সৌরভের প্রতিবেশী নিপুণ বিশ্বাস বলেন, সৌরভ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা খুব কষ্ট করে তাকে মেরিন ইঞ্জিনিয়ার পড়িয়েছিলেন। সৌরভের দাদা শচীন সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সে বলেছিল পূজার ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু আর আসা হলো না। আমাদের সব শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা এমটি বাংলার জ্যোতিতে অগ্নিকান্ডের পর যে দুজনের লাশ উদ্ধার করা হয় তার মধ্যে ঝিনাইদহের সৌরভ রয়েছেন।