কেসি কলেজে শিবিরের নবীনবরণ ঘিরে উত্তেজনা, কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ :
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজের সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির।

সকাল থেকেই কলেজের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। এ সময় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে কলেজের সামনের সড়কে একটি ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বক্তব্য দেন। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মাওলানা হাবিবুর রহমান অভিযোগ করেন, কলেজ প্রশাসন নবীনবরণের অনুমতি দেওয়ার পরও কর্মসূচির দিন কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়েছে। তিনি বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের এমন সিদ্ধান্ত ও আচরণের জন্য তাদের জবাবদিহি করতে হবে।

সমাবেশ থেকে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিও জানানো হয়।

পরে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ কর্মসূচি পালন করে কেসি কলেজ শাখা ছাত্রশিবির। সেখানে শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

এদিকে কলেজ প্রশাসনের সিদ্ধান্ত ও অভিযোগের বিষয়ে সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. মাসরুর উল আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।