কেসি কলেজে শিবিরের নবীনবরণ ঘিরে উত্তেজনা: প্রধান ফটকে তালা ঝুলিয়ে বন্ধ ঘোষণা

0
প্রশাসনিক বাধা পেরিয়ে কেসি কলেজের সামনে প্রধান সড়কে ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রশিবির।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি: কেসি কলেজে শিবিরের নবীনবরণ ঘিরে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজের সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশিবির।

ঘটনাস্থলে দেখা যায়, সকাল থেকেই কেসি কলেজের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে কলেজের সামনের সড়কে ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ছাত্রশিবির।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের প্রধান ফটক বন্ধ রেখে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন, সামনে মোতায়েন রয়েছে পুলিশ।। ছবি: লোকসমাজ

আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বক্তব্য দেন।

এ সময় সমাবেশস্থলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, কলেজ প্রশাসন পূর্বে নবীনবরণের অনুমতি দেওয়ার পরও নির্ধারিত অনুষ্ঠানের দিন পুরো কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের এমন অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য তাদের জবাবদিহি করতে হবে। এ সময় সমাবেশ থেকে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের জোরালো দাবি জানান বক্তারা।

ঝিনাইদহ কেসি কলেজে শিবিরের নবীনবরণ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন। এর প্রতিবাদে সড়কে প্রতীকী নবীনবরণ ও পরবর্তীতে কমিউনিটি সেন্টারে মূল কর্মসূচি পালন করে সংগঠনটি।। ছবি: লোকসমাজ

সড়কের সমাবেশ শেষে পরবর্তীতে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের নিয়ে তাদের নির্ধারিত নবীনবরণ কর্মসূচি পালন করে কেসি কলেজ শাখা ছাত্রশিবির। সেখানে নবীন শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এদিকে কলেজ বন্ধ রাখা ও প্রধান ফটকে তালা ঝোলানোর বিষয়ে সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. মাসরুর উল আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।