আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় কেসি কলেজে পাঠদান বন্ধ, অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

0
ঝিনাইদহ সরকারি কেসি কলেজে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় সব ধরনের পাঠদান ও সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা সত্ত্বেও ৮ অক্টোবর শিবিরের নবীন বরণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে।। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় কেসি কলেজে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যেই ওই দিন কলেজ ক্যাম্পাসে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। এ নিয়ে কলেজ প্রশাসন ও ছাত্রশিবিরের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

এর আগে কলেজের ৭ অক্টোবরের সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ অক্টোবরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি বিরাজমান থাকায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ১১৬তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ ছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ৮ অক্টোবর কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ছাত্রশিবিরের সরকারি কেশব চন্দ্র কলেজ শাখার সভাপতি এস এম মাহবুব বলেন, গত ৪ অক্টোবর কলেজ প্রশাসন আমাদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত কলেজ প্রশাসন লিখিত বা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বন্ধের কোনো নির্দেশ দেয়নি। তবে মৌখিকভাবে অনুষ্ঠান না করার জন্য বলা হয়েছে। বিষয়টি নিয়ে এখন কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ‘গত ৫ অক্টোবর কিছু ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে সেটি সমাধান হয়ে গেছে।’

ছাত্রশিবিরের প্রচারিত আমন্ত্রণপত্র অনুযায়ী, ৮ অক্টোবর সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে ‘অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ আয়োজনের কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সরকারি কেশব চন্দ্র কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই ঘটনার পর ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কলেজ প্রশাসন সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং বন্ধের সিদ্ধান্ত নেয়।

এ অবস্থায় ৮ অক্টোবর শিবিরের ঘোষিত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে ছাত্রশিবিরের আলোচনা চলমান রয়েছে।