তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২

পিক-আপটি উল্টে যায়। এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকিরের মৃত্যু হয়।

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ :
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং মেহেদী নামে এক আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপটি উল্টে যায়। এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকিরের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।