ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে বালুবাহী নৌযান ডুবল

0
ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে বালুবাহী নৌযান ডুবল

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি ব্ল্যাকহেড নৌযান ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শঙ্করপাশা খেয়াঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা থেকে অভয়নগরের চেঙ্গুটিয়ার উদ্দেশে বালুবোঝাই ব্ল্যাকহেড ‘এমবি লামিয়া শরীফ’ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে খুলনার উদ্দেশে আসা লাইটার জাহাজ ‘এমভি মারুফ’-এর সঙ্গে নৌযানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ব্ল্যাকহেডটি নদীতে ডুবে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাস্থলের নৌপথটি অপেক্ষাকৃত সংকীর্ণ। এ ছাড়া নদীতে ঘন কুয়াশা থাকায় নৌযান দুটির চালকরা একে অপরকে যথাসময়ে দেখতে না পাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ডুবে যাওয়া ব্ল্যাকহেডটি উদ্ধারের কার্যক্রম এবং লাইটার জাহাজ ‘এমভি মারুফ’ আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে বালুবাহী নৌযান ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি ব্ল্যাকহেড নৌযান ডুবে গেছে। সোমবার ভোর ৫টার দিকে- লোকসমাজ

এদিকে দুর্ঘটনাস্থলে নৌপুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্তমানে নদীতে অন্যান্য নৌযানের চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।