লেবাননে ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ কলারোয়ায় পৌছেছে

0
ছবি: সংগৃহীত।

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) ॥ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত কলারোয়ার শুভ দাসের মরদেহ দেশে এসে পৌঁছেছে। নিহত শুভ দাস উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মাত্র ২৩ বছর বয়সেই যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী। সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তাঁরা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

ছবি: সংগৃহীত।

শুভ দাস প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধার করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাঁদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবে, বদলে দেবে সংসারের চিত্র।

চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন আর বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে বিদেশ থেকে তাঁকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।

ছবি: সংগৃহীত।

শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁর মরদেহ দেশে ফিরেছে।
শুভর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, শ্রীপতিপুরসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ার স্বপ্ন দেখা তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর বাবা-মা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা জানান, ২০২৩ সালে শুভ জমি বিক্রি করে লেবাননে যান। এরপর ২০২৬ সালের ১২ মে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় শুভ নিহত হন। দীর্ঘ প্রায় ৪ মাস পরে তার লাশ বাড়িতে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি তার পরিবার যেন সরকারের কাছ থেকে সহযোগিতা পায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভর লাশ রোববার তার বাড়ি কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছেছে। তাদের ধর্মীয় নীতি অনুযায়ী নিহত শুভকে সৎকার করার পরামর্শ দেওয়া হয়েছে।