গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

0
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।