শ্যামনগরে নির্মাণাধীন সেতুতে ফাটল, ভেঙে পানিতে পড়ল রেলিং

0
শ্যামনগরে নির্মাণাধীন সেতুতে ফাটল
সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন একটি সেতুর রেলিং ভেঙে পানিতে পড়ে গেছে - লোকসমাজ

এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা), লোকসমাজ : সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন একটি সেতুর রেলিং ভেঙে পানিতে পড়ে গেছে। সেতুর একাধিক অংশে ফাটলও দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন থেকে কল্যাণপুরগামী সড়কের ওপর একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। গত ১৯ মার্চ কাজ শুরু হলেও এখনো মূল ঢালাইয়ের সাটারিং খোলা হয়নি। এর মধ্যেই সেতুর চারটি রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি দক্ষিণ পাশের একটি রেলিং ভেঙে নিচের পানিতে পড়ে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমান জানান, সেতুর ঢালাইয়ের বয়স মাত্র ১৫ দিন। পাশের বিকল্প চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে মাটি ফেলা হয়। এতে রেলিংয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে ফাটল দেখা দেয় এবং একটি অংশ ভেঙে পড়ে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতু নির্মাণে নিম্নমানের বালি, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে অতিরিক্ত মাটি দেওয়ায় সৃষ্ট চাপে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”