সাগরদাঁড়ি ইন্সটিটিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাগরদাঁড়ি বাজারে ওই মানববন্ধন হয়।

সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের দোকান ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহরাব হোসেন, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসারণের দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন,ইনস্টিটিউশনের ৭৪ টি ঘরের মধ্যে ১৮ টি দোকান তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যে বর্তমান সভাপতির স্বামী প্রত্যেকের কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেছেন। যার মধ্যে ৫ টি দোকান তার কথা মেনে নেওয়ায় খুলে দেওয়া হয়েছে।