ঝিনাইদহে দুর্নীতির অভিযোগ এনে সারের ডিলারশিপ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম মো.আবু বকর।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংসদ সদস্য আলী আজম বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে সারের ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশাসনিক কার্যক্রম হলেও ঝিনাইদহের সবকটি উপজেলায় কোনোপ্রকার যোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা তোয়াক্কা করা হয়নি। শুধুমাত্র মোটা অঙ্কের অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক পরিচয়ে ডিলারশিপ ভাগবাটোয়ারা করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জামায়াত নেতারা সারের ডিলার নিয়োগ সংক্রান্ত সকল নথিপত্র পরীক্ষা করে অবৈধ ও অনিয়মের মাধ্যমে প্রাপ্ত সকল ডিলারশিপ বাতিলের দাবি করেন।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, জামায়াত নেতা আব্দুল আলীম, মহেশপুর জামায়াতের ড. আব্দুল হাই এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।