যশোরে ৯ মাসে ৫০৭ মামলার নিষ্পত্তি, ৫৪ জনের যাবজ্জীবন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলার নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শুধুমাত্র চলতি বছরের প্রথম ৯ মাসে দায়রা আদালতে ৪শ মামলায় আসামিদের সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও মাদকের ১০৭টি মামলাতেও আসামিদের সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। অর্থাৎ বিভিন্ন মামলায় ৫৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে চলতি বছরের প্রথম ৯ মাসে। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এতে বিচারাধীন মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানানো হয়েছে।

শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বিচার বিভাগীয় সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তথ্য উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় আসামিদের সাজা দেওয়া হয়েছিল। একই বছরে বিভিন্ন মামলায় ২৩ জনকে যাবজ্জীবন এবং ১ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এবং চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ৪শ মামলায় আসামিদের সাজা প্রদান। এর মধ্যে ২৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

মাদক মামলার ক্ষেত্রেও সাজা প্রদানের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালের পুরো বছরে মাদক সংক্রান্ত ৫৮টি মামলায় আসামিদের সাজা দেওয়া হয়। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭টি মাদক মামলায় আসামিদের সাজা ঘোষণা করা হয়েছে। এসব মামলায় ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

দেওয়ানি মামলার নিষ্পত্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালে যশোরে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি। অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৪ হাজার ৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি মামলা। ফলে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। একই সময়ে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২১টিতে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আদালতের বিভিন্ন ফৌজদারি, জিআর ও সিআর মামলার বিপরীতে মোট ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে মামলা জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা।

বিচার বিভাগীয় সম্মেলনে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা।

সম্মেলনে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।