নিষিদ্ধ আ.লীগ নেতা শেখহাটির কাজী আলম আটক ছেলে জুয়েলের পলায়ন, অস্ত্র উদ্ধার

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটিতে গত শুক্রবার দিবাগত রাতে আলাদা বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য কাজী আলমগীর হোসেন আলমকে আটক এবং তার ছেলে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক তৌহিদুর রহমান জুয়েলের রেখে দেওয়া বিদেশি পিস্তল-গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ তৌহিদুর রহমান জুয়েলকে আটক করতে পারেনি। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, ওসি মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই কামাল হোসেন, এসআই রকি মন্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামান শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে শেখহাটি পূর্ব পাড়ায় তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ির টিনশেডের রান্নাঘরের টিনের চালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, পিস্তলের ৪ রাউন্ড গুলি ও ১ রাউন্ড ওয়ান শ্যুটারের গুলি উদ্ধার করা হয়।

কোতয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, একই রাতে পুলিশ শেখহাটির আলাদা বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সদস্য কাজী আলমগীর হোসেন আলমকে আটক করা হয়েছে।

তাকে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।