সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলি, পালিয়ে গেল দুই ভারতীয় চোরাকারবারি

0

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান বিজিবি সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

তিনি বলেন, এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং গতিরোধ ও নিরাপত্তার স্বার্থে গুলি ছোড়েন। পরে দুই ব্যক্তি সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। বিজিবির দাবি, গুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।