গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন; মালিক-শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের মনোনয়ন

0
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।। ছবি: সংগৃহীত

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ ও নির্ধারণের লক্ষ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অন্য একটি প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

গঠিত এই বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী সব কার্যক্রম দ্রুত গ্রহণের অনুরোধ জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।