শ্রমিক অসন্তোষ নিরসনে মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

0
পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় ঠিক করতে মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাতিল হয়েছে শ্রমমন্ত্রীর বিদেশ সফর।। ফাইল ছবি: সংগৃহীত

পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে তলব করেছেন। এই বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।

এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের পরিস্থিতির কারণে নিজের নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা ও নির্ধারণের লক্ষ্যে একটি নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম চূড়ান্ত করতে শ্রম মন্ত্রণালয়ের কিছুটা সময় লেগে যাওয়ায় মজুরি বোর্ড গঠনে কিছুটা বিলম্ব ঘটে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার সুনির্দিষ্ট দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে দুপুর ১২টার দিকে সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সঙ্গে গাজীপুরেও বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।