প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগ, মনিরামপুরে জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

0
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মনিরামপুরে জামায়াত নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে স্থানীয় বিএনপি।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর)॥ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ঝাঁপা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান সম্প্রতি ফেসবুক আইডিতে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এর জেরে আসাদুজ্জামানকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার ঝাঁপা ইউনিয়ন বিএনপি কর্মসূচি ঘোষণা করে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে ঝাঁপা আলিম মাদ্রাসা মোড়ে কয়েক শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে বিএনপি নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আজিজুর রহমান, মাস্টার বাবুল আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, যুবদলের সভাপতি আবু সাউথসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা আসাদুজ্জামান বলেন, “সবাই তো কত রকম স্ট্যাটাস দেয়। আমিও ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে দিয়েছিলাম। কিন্তু এ ধরনের অবস্থা হবে বুঝতে পারিনি। ফলে আমি ইতিমধ্যে আমার আইডি থেকে স্ট্যাটাসটি রিমুভ করেছি।”

অন্যদিকে, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক জানান, ঝাঁপা ইউনিয়নের সেক্রেটারির স্ট্যাটাসের বিষয়টি নিয়ে দু-একদিনের মধ্যে উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।