পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

0
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ফাইল ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঢাকা ও গাজীপুরের এই সহিংস শ্রমিক বিক্ষোভে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম একটি মিছিলে নেতৃত্ব দেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৯ জনকে এবং মিরপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে সকাল ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা ৩টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। অন্যদিকে রাজধানীর মিরপুরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। একপর্যায়ে মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।

এই সহিংসতার জেরে মিরপুর ১০, মিরপুর ১১ ও পল্লবী মেট্রোস্টেশন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়। উদ্ভূত এসব পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর আগে দুপুরে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং শ্রমিক আন্দোলনের কারণে নিজের নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেন। এর পাশাপাশি রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ও নির্ধারণের লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রমমন্ত্রী। সে সময় তিনি শ্রমিকদের জনদুর্ভোগ সৃষ্টি না করে দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।