যশোরে পল্লি বিদ্যুৎ ঠিকাদার সমিতির যৌথ সভা, কাজের মূল্য বাড়ানোর দাবি

0
শহরের হোটেল হাসান ইন্টারন্যাশালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের যৌথ সমন্বয় সভায় অতিথিবৃন্দ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের সকল কাজের মূল্য বৃদ্ধির জোর দাবি জানান।

সভায় বক্তারা বলেন, বিগত ২০১৪ সালের পর নতুন করে কোনো কাজের মূল্য বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ এক যুগ ধরে পূর্বের মূল্য তালিকা অনুযায়ী কাজ চলমান রয়েছে। অথচ এই সময়ের মধ্যে দফায় দফায় শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে।

যশোরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির যৌথ সমন্বয় সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের ঠিকাদার ও নেতৃবৃন্দ।। ছবি: লোকসমাজ

উদাহরণ দিয়ে তারা জানান, ২০১৪ সালে যেখানে একজন শ্রমিকের মজুরি ছিল ২০০ টাকা, বর্তমানে সেখানে একজন শ্রমিককে ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি দিতে হচ্ছে। একইভাবে পরিবহন খরচসহ সব ধরনের খরচ দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এমতাবস্থায় অবিলম্বে কাজের মূল্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের সভাপতি এম এ সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপদেষ্টা গোলাম মোস্তাফা, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহবাজ আলী এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

এছাড়া যৌথ সমন্বয় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল বাশার।