শৈলকুপায় মুদি দোকান থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

0
ঝিনাইদহের শৈলকুপায় মুদি দোকানে যৌথ অভিযান চালিয়ে ২৫ বস্তা বিএডিসি ডিএপি সার উদ্ধার করেছে পুলিশ ও কৃষি বিভাগ। পরে তা কৃষকদের মাঝে সরকারি দামে বিক্রি করা হয়।। ছবি: সংগৃহীত

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের ভেতর থেকে ২৫ বস্তা বিএডিসি ডিএপি সার উদ্ধার করা হয়েছে। গত রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার হাকিমপুর গ্রামের রতন লস্করের মুদি দোকানের একটি রুম থেকে এই সার উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার এসআই নকিব ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে এই অভিযান পরিচালনা করেন এবং ২৫ বস্তা বিএডিসি ডিএপি সার উদ্ধার করেন। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান উদ্ধার করা এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দেন।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান বলেন, সরকারি সার যেন সবসময় প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে পুলিশ ও কৃষি বিভাগের এমন যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।