ঝিকরগাছায় বিএনপি নেতাকে মারপিট ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

0
ঝিকরগাছার ছুটিপুর বাজারে পূর্ব শত্রুতার জেরে গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মাজিদকে মারপিট ও হুমকির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে পূর্ব শত্রুতার জেরে গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজিদকে (৭৫) মারপিট ও প্রাণনাশের হুমকির ঘটনায় অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত আবেদন দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছুটিপুর বাজারে এই মারপিটের ঘটনা ঘটে। লিখিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কামগামী গ্রামের মহর আলী (৪৭), বিশ্বর হোসেন (৩৩), আরিফুল ইসলাম (৪০), রবিউল ইসলাম (৫৫), শরিয়ার রহমান (৪৮), জুল হোসেন (৪০) ও সজল হোসেন (২৮)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা আব্দুল মাজিদ ছুটিপুর বাজারে একটি মুদি দোকানে বাজার করতে গেলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত বিএনপি নেতা আব্দুল মাজিদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী বিএনপি নেতা আব্দুল মাজিদ বলেন, অভিযুক্তরা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে এবং ছুটিপুর বাজারে মানুষের দোকানপাট বন্ধ করে হুমকি-ধামকি দিচ্ছে। এসবের প্রতিবাদ করার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত মহর আলী দাবি করেন, চালের ডিলার কপিল উদ্দিন তাঁর ভাইপোকে ভিডাব্লিউবির চাল না দেওয়াকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনা ঘটেছিল। তিনি দাবি করেন, তিনি বিএনপি নেতা আব্দুল মাজিদের গায়ে হাত দেননি; বরং আব্দুল মাজিদ নিজেই লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন এবং দুই পক্ষের মধ্যে কেবল সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।