পাইকগাছায় সহকর্মীর হাতে আরএফএল কর্মী খুন

ঘটনার পর থেকে সহকর্মী অন্তর সরকার পলাতক রয়েছেন।

0
পাইকগাছায় সহকর্মীর হাতে আরএফএল কর্মী খুন
পাইকগাছায় নিহত আরএফএল কর্মী বিশ্বজিৎ দেওয়ারী ও পলাতক সহকর্মী অন্তর সরকার (ডানে) - লোকসমাজ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ : খুলনার পাইকগাছায় আরএফএল কোম্পানির কর্মী বিশ্বজিৎ দেওয়ারী (২৭) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে পৌরসভার হাসপাতাল মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গাল ও গলায় তার পেঁচানো এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, সোমবার গভীর রাতে হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হরলাল দেওয়ারীর ছেলে। তিনি আরএফএলের ভিগো গ্রুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। একই কক্ষে থাকতেন মাদারীপুরের কালকিনী উপজেলার ফেসটুলা গ্রামের অন্তর সরকার (২৫), যিনি একই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান।

মঙ্গলবার দুপুরে সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে বাসায় যান। সেখানে দরজার সামনে রক্তমাখা একটি ছুরি ও বাইরে থেকে তালাবদ্ধ কক্ষ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বিশ্বজিৎকে শ্বাসরোধের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে সহকর্মী অন্তর সরকার পলাতক রয়েছেন। হত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।