সুন্দরবনে বিষ প্রয়োগ : কীটনাশক বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

0
ছবি: সংগৃহীত।

মোংলা সংবাদদাতা ॥ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসকারী বিষ প্রয়োগ চক্রের মূল হোতা ও কীটনাশক বিক্রেতা মো. সেলিম মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে মোংলা থানা পুলিশ তাকে আটকের পর দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ সংলগ্ন এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় বনরক্ষীরা বাধা দিলে অপরাধীরা দেশীয় অস্ত্র (দা) নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি জানার পর পরিবেশ প্রতিমন্ত্রী জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

পরবর্তীতে মোংলার জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও লাইজু বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কীটনাশক বিক্রেতা সেলিম মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের একটি সার ও কীটনাশক দোকানের মালিক।

এ বিষয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, সুন্দরবনের ক্ষতিসাধনকারী চক্রের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় আনা হবে।