খুলনায় মেয়ের খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা কর্মকর্তা

0

খুলনা ব্যুরো,লোকসমাজ : খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোজাম্মেল হক। তিনি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ের বাসিন্দা।

গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গুলি ছুড়তে দেখেন। তাঁর ধারণা, দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি তাঁর শরীরে লাগে।

গুলিটি তাঁর বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে তাঁর চিকিৎসা দেওয়া হয়। তাঁর পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।

সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।

কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।