মনিরামপুরে ঘের মালিকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর উপজেলার এক মাছের ঘের মালিকের বিরুদ্ধে ঘের দখল, ব্যক্তিগত আচরণ এবং সামাজিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামের মালোপাড়ার বাসিন্দা বিপ্লব বিশ্বাস অতীতে যশোর এমএম কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, তিনি অতীতে প্রভাব খাটিয়ে ঝাঁপা গ্রামের জাকির হোসেনের একটি মাছের ঘের দখলে নিয়েছিলেন
স্থানীয়দের দাবি, বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বিপ্লব বিশ্বাসের একাধিক মাছের ঘের রয়েছে। এর মধ্যে লক্ষণপুর এলাকার একটি ঘেরে কর্মরত এক নিরাপত্তাকর্মীর পারিবারিক বিষয়ে তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা রয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন এলাকাবাসী।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাড়িয়ালী গ্রামের বিল শালিকা এলাকায় নতুন দুটি ঘের নির্মাণকে কেন্দ্র করেও তাকে নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
বুধবার বিকেলে পাড়িয়ালী গ্রামে একটি বাড়িতে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থানকালে স্থানীয় লোকজন তাকে আটক করেছিলেন বলে কয়েকজন এলাকাবাসী দাবি করেছেন।
অভিযোগ রয়েছে, পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির সমাধান করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিপ্লব বিশ্বাসের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।