নিরাপত্তার কারণে খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

0
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনার জেরে নিরাপত্তার কারণে খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ নিরাপত্তার কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

খুলনার দূরপাল্লার বাসগুলোর একটি বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে। বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।

এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলো বৃহস্পতিবারের জন্যও কোনো টিকিট বুকিং বা বিক্রি করছে না।

তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাগেরহাটের দোলা বাস কাউন্টারের ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ জানান, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সাড়ে ১১টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি গাড়ি গোপালগঞ্জ পর্যন্ত গিয়ে ফিরে আসার পর আর কোনো গাড়ি চলছে না।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ফকিরহাট থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে কাশিয়ানী সড়কেও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এ পরিস্থিতিতে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে এবং যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’–এর সোনাডাঙ্গা কাউন্টারের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, গোপালগঞ্জে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে না।

নিরাপত্তার স্বার্থে টুঙ্গিপাড়া নামটি নিয়ে বিরোধের জেরে তাঁরা নিজেদের কাউন্টারের সাইনবোর্ড থেকে নাম ঢেকে দিয়েছেন। ছোট সাইনবোর্ডের লেখা কালো রং স্প্রে করে এবং বাইরের বড় সাইনবোর্ড ভাঙা থাকায় ভেতরের বোর্ডগুলো সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন বলে জানা গেছে। ফাল্গুনি পরিবহনের ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, গোপালগঞ্জ হয়ে বাস চলাচল করতে গিয়ে ঝামেলা হচ্ছে এবং বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খারাপ থাকলে বাস ছাড়বে না।

অন্যদিকে বাগেরহাট বাস–মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।