মোল্লাহাটে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়া,আহত ৫

0
মোল্লাহাটে বিএনপির শান্তি সমাবেশে আওয়ামী লীগের মিছিল

বাগেরহাট ও মোল্লাহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির শান্তি সমাবেশ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি মিছিল প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বিএনপির পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার প্রবেশদ্বার মধুমতি নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতু সংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ চলছিল। এদিকে বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন তারা।

গোপালগঞ্জের দিক থেকে আসা মিছিলটি মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করলে সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর মিছিলটি পিছু হটে।

সংঘর্ষে বিএনপির শান্তি সমাবেশে অংশ নেওয়া পাঁচজন আহত হন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আওয়ামী লীগের মিছিলের পক্ষের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ‘দুই-এক মিনিটের মধ্যেই মোল্লাহাটে প্রবেশের চেষ্টাকারীরা ফিরে যায়।’ বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা নিয়োজিত রয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গেছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।