যশোরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র আইনের একটি মামলায় লাল্টু হোসেন নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের তৎকালীন এসআই মো. মাসুম কাজী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষহরি খালপাড়স্থ জনৈক আনোয়ার হোসেনের পুকুর সংলগ্ন ছুটিপুর-কাশিপুর সড়কে অভিযান চালান। এ সময় তিনি ফোর্সের সহায়তায় দুই জনকে আটক করেন।

এরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর পশ্চিম পাড়ার ইয়ানুর রহমান মোড়লের ছেলে সুমন ও সাদিপুর মাঠ পাড়ার মৃত আব্দার আলীর ছেলে লাল্টু হোসেন। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন নামে আরেক জন পালিয়ে যান।

তিনি সাদিপুর পশ্চিম পাড়ার ইদ্রিস আলীর ছেলে সুজন। পরে আটকদ্বয়কে তল্লাশি করে সুমনের কাছ থেকে ১টি পাইপগান ও বন্দুকের ১ রাউন্ড গুলি এবং লাল্টু হোসেনের কাছ থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মাসুম কাজী অস্ত্র আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলা তদন্ত শেষে আসামিদের মধ্যে লাল্টু হোসেন ও সুজন প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট এবং সুমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আলাদা দোষীপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন বিশ্বাস।

ওই মামলায় আসামি লাল্টু হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে। অপর আসামি সুজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, অপর আসামি সুমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে মামলার বিচারকাজ শিশু আদালতে নিষ্পত্তি হবে।