বাফুফে এফসি ইমাবারি ও শামসুল হুদা ফুটবল একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব ‘এফসি ইমাবারি’-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই চুক্তির লক্ষ্য তৃণমূলে ফুটবল উন্নয়ন, খেলোয়াড় ও কোচিং ডেভেলপমেন্টের একটি ধারাবাহিক পাইপলাইন তৈরি করা। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুরে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি এবং স্থানীয় অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন ও পর্যবেক্ষণ (সার্ভে) করেছে ইমাবারির দুই সদস্যের প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধি জানান, এই পরিদর্শনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এই ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়িত হলে ইমাবারির সহযোগিতায় উন্নত কোচিং ব্যবস্থা, মেধা অন্বেষণ ও বিকাশ এবং খেলোয়াড় আদান-প্রদান সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

জাপানের মতো একটি দেশের পেশাদার লিগের ক্লাবের সঙ্গে এই ধরনের সহযোগিতা বাংলাদেশের ফুটবল অবকাঠামো ও সার্বিক উন্নয়নে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে। আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষের দিকে এই চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইমাবারির স্পনসর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস-উল-বারী শিমুল, যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি প্রমুখ।