শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

0
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন; রোববার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ-এর দুই নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে গত ২৮ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে মো. সোহাগ হোসেন (৩৮) নামে এক নেতাকে গ্রেপ্তার করা হয়, যিনি কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

এ ছাড়া ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৭টা ২৬ মিনিটে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদ (৩৩) নামে অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ; পুলিশ জানায়, তিনি নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত ওই দুজনকে ২৯ নভেম্বর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।