যশোরে চাঁচড়া বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ট্রান্সফর্মার

0
যশোর চাঁচড়া গ্রিড কেন্দ্রে পেট্রোল বোমা হামলা
রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোরের চাঁচড়া বিদ্যুৎ কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :  যশোরের চাঁচড়া ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ হামলা চালায়। একটি পেট্রোল বোমা এ দফতরের অভ্যন্তরে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মারে লেগে আগুন ধরে যায়। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিদ্যুতের এ উপকেন্দ্রটি ওজোপাডিকে যশোর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর দফতরের অভ্যন্তরে অবস্থিত। এছাড়া দফতরটির কারিগরি কেন্দ্রও রয়েছে সেখানে।

এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে হামলায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ওই দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গ্রিড কেন্দ্রে পেট্রোল বোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা ট্রান্সফর্মারে আঘাত হানে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বিদ্যুৎ বিভাগের উপস্থিত কর্মীরা তা দ্রুত নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যশোর চাঁচড়া গ্রিড কেন্দ্রে পেট্রোল বোমা হামলা

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম গ্রিড কেন্দ্রে পেট্রোল বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।