সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার রাজধানীতে

গুলশান থেকে ডিবির হাতে আটক| নাশকতায় অর্থায়নের অভিযোগ, একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ

0

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রাত ৯টা ১১ মিনিটে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একাধিক জাতীয় পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী, ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্বপন ভট্টাচার্যকে গ্রেফতারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি যশোর শহরের লালদীঘির পাড়ে নিজস্ব ভবনে বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সপরিবারে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।