নোনা জলে ভাসে দুবলার জেলেদের স্বপ্ন: কোটি টাকার শুঁটকি পল্লীতে নেই সুপেয় পানি ও চিকিৎসা

0
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত জেলেরা
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি উৎপাদনের মৌসুমে মাছ শুকানোর কাজে ব্যস্ত জেলেরা- লোকসমাজ

আলী আকবর টুটুল, দুবলার চর থেকে ফিরে :

বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা সুন্দরবনের দুবলার চর দেশের অন্যতম বৃহৎ মৎস্য ও শুঁটকি উৎপাদনকেন্দ্র। প্রতিবছর শীত মৌসুমে, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাসে হাজার হাজার জেলে ও মহাজন এখানে অস্থায়ী বসতি গড়ে তোলেন। কোটি কোটি টাকার রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয়ের এই শুঁটকি পল্লীতে জেলেদের জীবনমান কিন্তু চরম অবহেলা ও সংকটাপন্ন।

সরেজমিনে দেখা যায়, সাগর থেকে মাছ আহরণ করে বাঁশের লাঠির সাহায্যে জেলেরা দুই-তিনজন মিলে ঝুড়িতে করে বালুচর বেয়ে শুঁটকি শুকানোর চাতালে মাছ নিয়ে আসছেন। সেখানে আরও কয়েকজন জেলে ঝুড়িতে আনা বিভিন্ন প্রজাতির মাছ বাছাই করে শুকানোর জন্য ছড়িয়ে দিচ্ছেন। ধাপে ধাপে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় এই কাজে। কখন দিন, কখন রাত—তা যেন বুঝে ওঠার অবকাশ নেই তাঁদের। তবু কথা বলার চেষ্টা করা হয় জেলেদের জীবনমানের গল্প জানতে।

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের আব্দুর ছাত্তার নামের ৬০ বছর বয়সী এক জেলে বলেন, ২৮ বছর ধরে এই পেশায় আছেন। তবুও ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রতিবছর পাঁচ মাস এই চরে কাটে। খাটুনির পর খাটুনি। এখন আর আগের মতো সাগরে মাছ ধরতে পারেন না। শুঁটকি শুকানোর কাজে নিয়োজিত রয়েছেন। নেই বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপত্তা।

তিনি বলেন, “খেয়ে-পরে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। কত কর্মকর্তা, মহাজন ও সাহেবদের বলেছি, আমাদের দিকে একটু খেয়াল রাখেন। তারপরও যেন কেউ কখনো রাখেন না।”

কয়রা এলাকার বাবুল হাওলাদার বলেন, রোদে পুড়ে, নোনা জলে ভিজে প্রায় ২০ হাজার জেলে দেশের সেরা শুঁটকি তৈরি করেন। কিন্তু যে শুঁটকি থেকে সরকার প্রতি মৌসুমে কোটি কোটি টাকা রাজস্ব পায়, সেই জেলেদের জীবন কাটছে চরম অবহেলা ও মৌলিক অধিকারবঞ্চিত অবস্থায়।

দুবলার চরের আলোরকোল, মেহের আলী, অফিসকেল্লা, শেলা, নারিকেলবাড়িয়া ও মাছেরকেল্লা—এই ছয়টি চরে মৌসুমজুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। অথচ পুরো পল্লীতে সুপেয় পানির স্থায়ী কোনো ব্যবস্থা নেই। জেলেদের ভরসা বনের ভেতরের হাতে গোনা কয়েকটি পুকুর। সেসব পুকুরের পানিও জোয়ারের লোনা জলে দূষিত।

জেলে আবু তাহের আক্ষেপ করে বলেন, “পানির অভাবে পেটের অসুখ লেগেই থাকে। খাবার পানি আনতে অনেক দূরে যেতে হয়, তাও পর্যাপ্ত পাওয়া যায় না। অসুস্থ হলে মৃত্যুঝুঁকি চরটির ঝুপড়ি ঘরগুলোতে গাদাগাদি করে থাকা জেলেদের জন্য। নেই কোনো চিকিৎসাকেন্দ্র। সামান্য জ্বর, ডায়রিয়া বা মাছ ধরতে গিয়ে আহত হলে ভরসা কেবল হাতুড়ে চিকিৎসক কিংবা কবিরাজ। অথচ আমাদের কষ্টে তৈরি শুঁটকি খায় বড় বড় বাবুরা।”

এ বছর মৌসুমের শুরুতে দুই দফায় ঘূর্ণিঝড় ও আকাশের প্রভাবে লাগাতার বৃষ্টিতে কোটি টাকার শুঁটকি নষ্ট হচ্ছে। সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন জেলে, বণিক ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের শঙ্কায় দিশেহারা জেলেরা।

দুবলার চরের মৎস্যজীবী নেতা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, রাত-বিরাতে কেউ গুরুতর অসুস্থ হলে ট্রলারে করে মোংলা বা শরণখোলায় নিতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। অনেক সময় পথিমধ্যেই রোগী মারা যান। হাড়ভাঙা খাটুনি ও দিনরাত অমানবিক পরিশ্রম করেও জেলেরা আর্থিকভাবে সচ্ছল হতে পারছেন না।

অধিকাংশ জেলে মৌসুমের শুরুতে মহাজনদের কাছ থেকে অগ্রিম টাকা বা দাদন নেন। ফলে মৌসুম শেষে নামমাত্র মূল্যে মহাজনের কাছেই মাছ বিক্রি করতে বাধ্য হন তাঁরা। হিসাবের মারপ্যাঁচে অনেক জেলে খালি হাতে কিংবা ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরেন।

স্যানিটেশন ও দুর্যোগঝুঁকির দিক থেকেও জেলেদের বসবাসের পরিবেশ নাজুক। হাজার হাজার জেলের বসবাস হলেও চরে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। ফলে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন সাগরে নিম্নচাপ ও জলোচ্ছ্বাস দেখা দিলেও চরে থাকা আশ্রয়কেন্দ্রগুলো সবার জন্য পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর দুবলার আলোরকোল, মেহের আলীর চর, মাছেরকেল্লা, অফিসকেল্লা ও নারিকেলবাড়িয়াসহ ছয়টি চরে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়। এসব চরে প্রায় ১৫ থেকে ১৬ হাজারের বেশি জেলে সম্প্রদায় পাঁচ মাস ধরে শুঁটকি আহরণ ও উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। আর বন বিভাগ প্রায় ৭ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।

দুবলার চর ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ১৫ থেকে ২০ হাজার জেলের জন্য একটি-দুটি পুকুর যথেষ্ট নয়। সরকারের কাছে তাঁদের দাবি, আরও কয়েকটি পুকুর খনন করতে হবে। এ ছাড়া চিকিৎসার জন্য একটি ভাসমান হাসপাতাল প্রয়োজন। কিন্তু আশ্বাসের ওপর নির্ভর করতে হয়। বাস্তবে ব্যবস্থা না থাকায় একজন জেলে অসুস্থ হলে নানা ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, “সরকারের কাছে আমাদের দাবি, এই চর থেকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। জেলেদের জীবনমানের দিকেও যেন তাকানো হয়, যাতে কোনো জেলেকে বিপদে পড়তে না হয়।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জেলে সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে তিনজন চিকিৎসক দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে একটি ভাসমান হাসপাতাল দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সুপেয় পানির জন্য আরও কিছু পুকুর খনন করা হবে বলে জানান তিনি।