শার্শায় মাদ্রাসার দুটি আমগাছ কেটে ফেলার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলায় মাদ্রাসার দুটি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গোপালপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, বাগানটিতে অন্তত ৫০টি আমগাছ রয়েছে। প্রতিবছর এসব গাছের আম বিক্রির অর্থ মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহে ব্যয় করা হয়।

মাদ্রাসার সভাপতি মাহবুব আলম তুহিন জানান, সম্প্রতি কয়েকজন ব্যক্তি বাগানের জায়গায় খেলার মাঠ তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে সম্মতি না দেওয়ার সঙ্গে গাছ কাটার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাদ্রাসার সুপার আব্দুল গফুরও জানান, বাগানটি নিয়ে আগে থেকেই মাঠ তৈরির প্রস্তাবের বিষয়টি তাঁদের জানা ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার অবশিষ্ট গাছপালা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।