নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর

0
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হওয়া ৬৩ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হওয়া ৬৩ জন ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান যে হাসপাতালে আসা আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং এর মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মাদ্রাসার ওই অংশে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আরও জানান যে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কারো শরীরেই পোড়ার কোনো চিহ্ন নেই, তবে ধোঁয়ার কারণে প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং এর মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, পরিস্থিতি সাপেক্ষে সুস্থ হয়ে ওঠা বাকি কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।