খুমেক হাসপাতালে আগুন : স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, রোগীর মৃত্যুতে দুঃখ প্রকাশ

২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

0

খুলনা ব্যুরো, লোকসমাজ :
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় আগুন লাগার পর রোগী স্থানান্তরের সময় একজনের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

বুধবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষ, অস্ত্রোপচারের সহায়ক কক্ষ ও পোস্ট-অপারেটিভ কক্ষ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় তিনজন রোগীকে স্থানান্তর করা হয়েছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে দ্রুত তদন্ত শেষ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক করা যায়। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম। এছাড়া হাসপাতালের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ রোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, জরুরি রোগী স্থানান্তর প্রক্রিয়া এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বড় হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষে বুধবার সকাল ছয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে। এসময় তিনতলা থেকে লাফ দিয়ে দুই সেবিকা, ওয়ার্ডে থাকা তিন রোগী ও ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। পরে রোগীদের এক জনের মৃত্যু হয়েছে। তবে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত মৃত রোগীর পরিচয় জানা যায়নি।

জরুরি অস্ত্রপচার কক্ষের দায়িত্বে থাকা দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার বলেন, সকাল ৬টার পরপরই আগুনের সূত্রপাত হয়। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফিয়ে বের হন। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ওটি বিভাগে ১৫টি সিটে রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পরপরই রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আগুনের ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজন আতঙ্কে তাদের অন্য হাসপাতালেও নিয়ে গেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।