খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

0
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১
নিহতের শোকাহত পরিবার

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে।

বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়ার মৃত্যুর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।