খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ আহত

0
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ আহত
আহত সোহেল শেখ- লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের মধ্যে দুজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, গুলিবিদ্ধ সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহলও জোরদার করা হয়েছে।