যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিল হিউম্যান অ্যাপিল ইউএসএ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবার জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান করেছে হিউম্যান অ্যাপিল ইউএসএ।

শুক্রবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন।

চিকিৎসাসামগ্রী যেন হাসপাতালে ভর্তি রোগীরা যথাযথভাবে বিনামূল্যে পান, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যার যার অবস্থান থেকে নিজ এলাকার উন্নয়নে চেষ্টা করলে তা সম্ভব। এর মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। হিউম্যান অ্যাপিল ইউএসএর এই অনুদানের ফলে যশোরের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও উন্নত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য যশোরবাসীর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর ও সাংবাদিক আবদুল কাদের প্রমুখ।

উল্লেখ্য, বিতরণ করা চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ব্যথানাশক ইনজেকশন, বয়স্কদের ব্যবহারের জন্য প্যাড, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।