ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সোচ্চার থাকবে যুবদল

যশোরে যুব সমাবেশে নুরুল ইসলাম নয়ন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের যুবদলে স্থান হবে না। গুটিকয়েক নেতাকর্মীর কারণে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে যশোরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীরা যেভাবে ভূমিকা রেখেছেন, সুসময়েও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলে তাঁকে সংশোধন হতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সংগঠনের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গ্যাসসংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশে পড়েছে। তাঁর অভিযোগ, এসব সংকটকে পুঁজি করে একটি মহল সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে।

তিনি বলেন, এসব অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের অতীতের মতো রাজপথে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

নয়ন আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় নেতাকর্মীদের বেপরোয়া আচরণের সুযোগ নেই। দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দেয় না। সরকারের কার্যক্রম সফল করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে মহৎ উদ্দেশ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনটি পরিচালিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা আশরাফুল কবির সুমন, কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রবিউল ইসলাম রবি ও তানভির রায়হান তুহিন; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।